১৮ই সেপ্টেম্বর, ২০২৬

info@thefourthaxis.in
header-ad
শূন্য থেকে শুরু করে সাফল্যের অট্টালিকায় রিবাকিনা

ইয়েলেনা রিবাকিনা। ছবি - Google

শূন্য থেকে শুরু করে সাফল্যের অট্টালিকায় রিবাকিনা

calender icon 2 ১৪ই সেপ্টেম্বর, ২০২৬

মূল বিষয়

টেনিস কিংবদন্তি আন্দ্রে আগাসি একবার বলেছিলেন, ‘‘ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার মধ্যে কোনও কৃতিত্ব নেই, কৃতিত্ব জেগে স্বপ্ন দেখার মধ্যে। আমি তাই দেখি, তাই অন্যের হিসেবের সঙ্গে আমার হিসেব মেলে না!’’ 

আগাসির এই কথা একটা সময় দারুণ ক্যাচলাইন হয়েছিল। তিনি সাফল্যের রাস্তা বলে দিয়েছিলেন। নিজের আত্মজীবনীতেও সেই কথা রয়েছে। আগাসির সেই কথা যেন মনে করিয়ে দিলেন ইয়েলেনা রিবাকিনা। এই কাজাখ তরুণী এবার ইউএস ওপেন খেতাব জিতে প্রমাণ করে দিয়েছেন, তিনি জেগেই স্বপ্ন দেখেছেন বলে এই দিনটা জীবনে এসেছে। 

রিবাকিনার উইম্বলডন জয় দিয়ে শুরু

২৭ বছরের রিবাকিনা ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের পরে ইউএস ওপেনেও চ্যাম্পিয়ন। ‘কেরিয়ার গ্র্যান্ডস্লাম’ পূর্ণ করতে এখন শুধু ফ্রেঞ্চ ওপেন বাকি। এমন সাফল্যের পরও যেন পুরো ব্যাপারটি তাঁর কাছে অবিশ্বাস্য। রিবাকিনা জানিয়েছেন, “কী ঘটেছে, এখনও ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। গত কয়েক সপ্তাহে অনেক কিছু অর্জন করেছি, যে স্বপ্ন আমি সেই ছোটবেলা থেকে দেখে আসতাম!’’

বর্তমানে সাবালেঙ্কাকে পিছনে ফেলে রিবাকিনা টেনিসে এক নম্বর। যে কিনা কোনওদিন ভাবতেই পারেননি টেনিস খেলবেন, তাও আবার আন্তর্জাতিক পর্যায়ে। ছোটবেলায় বন্ধুদের দেখাদেখি টেনিস অ্যাকাডেমিতে ভর্তি হওয়া। তারপর সেটাকে ধরেই এগিয়ে গিয়েছেন। কখন যে টেনিসকে ভালবেসে ফেলেছিলেন, বুঝতেই পারেননি। ১৭ বছর বয়সে প্রথম একটি ছোটখাটো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন, তারপর আর পিছন ফিরে তাকাননি। 

আরও পড়ুন
ফেসবুক গ্রুপের বিপ্লব ও ডায়াসপোরার হাত ধরে বাংলাদেশের উত্থান
আদালত পাশে থাকলেও ফোগতের কেরিয়ার নিয়ে বড় প্রশ্নচিহ্ন
ইস্টবেঙ্গলের ঘরের ছেলে মনোরঞ্জনের ‘সেই আক্ষেপ’ আজও আছে

ব্র্যাড পিটের ফ্লাইং কিস

এবার ইউএস ওপেনে আর্থার অ্যাশ স্টেডিয়ামের কোর্টে ঝড় তুলেছিলেন রিবাকিনা। তাঁর সার্ভিস, রিটার্ন, স্ম্যাশ, হুক, ব্যাকহ্যান্ড দেখে টেনিস দুনিয়া তাজ্জব বনে গিয়েছে। গ্যালারিতে বসে থাকা হলিউড অভিনেতা ব্র্যাড পিট ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছেন রিবাকিনাকে। ৯৯ সপ্তাহ যিনি ক্রমতালিকায় একনম্বরে ছিলেন, সেই সাবালেঙ্কাকে ফাইনালে হারিয়ে তিনি প্রমাণ করেছেন, জেদ ও সংকল্প থাকলে সবকিছুর অসাধ্যসাধন করা যায়।

এই দুরন্ত অর্জনের পরে রিবাকিনা রোমাঞ্চিত, উচ্ছ্বসিতও। তিনি ট্রফি জয়ের পরে দার্শনিক সুলভ কন্ঠে বলেছেন, ‘‘আমার মনে হয় কেরিয়ার শেষে পিছনে তাকিয়ে এর মূল্য আরও বেশি করে বুঝতে পারব। এতগুলি ট্রফি জিতেছি, একদিন বিশ্বের শীর্ষ বাছাই ছিলাম, সব স্মৃতি মনে পড়লে মনটা আনন্দে ভরে উঠবে। হয়তো সেদিন অন্য কারও খেলা দেখতে গ্যালারিতে থাকব।’’ 

রিবাকিনার ‘রিটার্ন’

গত বছর ইউএস ওপেনেই শীর্ষবাছাই ১০ জনের তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন রিবাকিনা। চোট, শারীরিক অসুস্থতা ও পারফরম্যান্সের ঘাটতিতে হতশ্রী সময় গিয়েছিল। আর চলতি বছরে স্বপ্নের ফর্মে বিরাজ করছেন। এবার যে খেতাব জিতলেন, একটি মাত্র সেট হারিয়ে, সেটিও একটি নজিরই। অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। এর বাইরে স্টুটগার্টে চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইন্ডিয়ান ওয়েলস ও টরন্টোয় হন রানার্সআপ। ইউএস ওপেন শুরুর মাত্র দুই সপ্তাহ আগে সিনসিনাটি ওপেনের কোয়ার্টার ফাইনালে ইগা সিওনটেকের বিপক্ষে চোট নিয়ে কোর্ট ছাড়েন। এক সপ্তাহ প্র্যাকটিসই করতে পারেননি, কিন্তু যিনি জাত চ্যাম্পিয়ন, তাঁকে রুখবে কার সাধ্যি!

শেষপর্যন্ত সব অনিশ্চয়তা কাটিয়ে তিনি ফিরলেন শুধু নয়, রানির মতো ফিরলেন। কী করে এই সাফল্য এল? খেতাব জয়ের পরে রিবাকিনার ছোট্ট ও তাৎপর্যবাহী মন্তব্য, ‘‘নিজের ওপর বিশ্বাস ও কঠোর পরিশ্রম। আর স্বপ্ন দেখা- আমি দেখেছিলাম, তাই সফল।’’

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
শুভ্র মুখোপাধ্যায়
শুভ্র মুখোপাধ্যায়

কলকাতার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুটি ফুটবল বিশ্বকাপ এবং দুটি ক্রিকেট বিশ্বকাপ কভার করা এই সাংবাদিকের একাধিক আরও আন্তর্জাতিক ইভেন্ট করার অভিজ্ঞতাও রয়েছে। শুভ্র দুটি বইও লিখেছেন, একটা বিশ্বকাপের গল্প যুদ্ধ এবং শেষটি স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য