

ভারতীয় কোচ খালিদ জামিলের কাঁধে হাত দিয়ে প্রেস কনফারেন্সে ব্রাজিল কোচ কার্লোস আনচেলোত্তি। ছবি - শুভ্র মুখার্জি
২রা অক্টোবর, ২০২৬
বর্তমান ব্রাজিল দল তার অতীত গৌরবের ধারে কাছে নেই। তারপরও এই ব্রাজিল বিশ্ব ফুটবলের প্রথম সারির শক্তিগুলির একটি। সেই বিপুল ঐতিহ্য এবং ভিনিসিয়াস জুনিয়ারের মতো মহাতারকার মুখোমুখি হতে চলেছে ভারতীয় ফুটবল দল। রাত পোহালেই সেই মেগা ম্যাচ। তার আগে স্বপ্ন সত্যি হওয়ার উত্তেজনায় ফুটছে ভারতীয় ফুটবল মহল।
আজকের যুবভারতী যেন ব্রাজিলের বিশ্ববিখ্যাত মারাকানা স্টেডিয়ামে পরিণত হয়েছে! নতুন সাজে সেজে উঠেছে সবকিছু। আর সেটা হবে নাই বা কোন। এই দেশের বহু মানুষ আজও ফুটবল বলতে ব্রাজিলকে বোঝে। ব্রাজিল সেই দল যাকে নিয়ে আজীবন স্বপ্ন দেখে এসেছে তামাম বাঙালি। এতদিন টিভির পর্দায় সেই স্বপ্নের ব্রাজিলের খেলা দেখেছে। ভিনিডিয়াস, এন্ড্রিকদের পায়ের জাদুতে মজেছে। কিন্তু এবার চোখের সামনে চাক্ষুষ করবেন সেই অভিজ্ঞতা। ফলে এর উত্তেজনা, উন্মাদনা স্বাভাবিকভাবেই অনন্যরকম। যার সঙ্গে অন্য কিছুর তুলনা চলে না।

রাত পোহালেই ভারতীয় ফুটবলপ্রেমীদের স্বপ্ন সত্যি হওয়ার পালা। ভারত বনাম ব্রাজিল স্বপ্নের ফুটবল ম্যাচ। তার আগে শুক্রবার বিকেলে ব্রাজিল ও ভারতীয় দল বাইপাসের অভিজাত হোটেলে সাংবাদিক সম্মেলন সেরেছে। সেখানে ব্রাজিল কোচ কার্লোস আনচেলত্তি ছাড়াও এসেছিলেন তারকা ফুটবলার মারকুইনহোস। ব্রাজিল কোচ প্রফেসর কার্লো বা ডন কার্লো নামে বিশ্ব ফুটবল পরিচিত। এদিন সাংবাদিক বৈঠকে পরিষ্কার জানান, আগামী ২০৩০ বিশ্বকাপের দিকে লক্ষ্য রেখে দল গড়ার কাজ শুরু করেছেন। এই ফ্রেন্ডলি ম্যাচগুলো তারই অ্যাসিড টেস্ট। এর পাশাপাশি, ব্রাজিল কোচ মানছেন, দীর্ঘ দুই দশক ব্রাজিলের হাতে বিশ্বকাপ নেই, এটা তাদের জাতীয় দলের পক্ষে প্রবল চাপের। ডন কার্লো মনে করেন, ব্রাজিলকে আবারও ফিরতে হবে তার সেই চিরন্তন ফুটবল সংস্কৃতি এবং ঐতিহ্যের কাছে। পাশাপাশি ফুটবলারদের মধ্যে দরকার দেশের প্রতি প্রগাঢ় দায়বদ্ধতা। তবেই মিলবে সাফল্য।

ব্রাজিল মাঠে নামলে পৃথিবীর সব কিছু স্তব্ধ হয়ে যায়। সবাই তাদের ‘ম্যাজিক’ দেখে। সেই পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতের কোচ খালিদ জামিল আশাবাদী। তিনি জানিয়েছেন, পানামার বিরুদ্ধে দলের পারফরম্যান্স ভাল হয়েছে। তার মানে এই নয় যে ছেলেরা আত্মসন্তুষ্টিতে ভুগছে। ব্রাজিল তো বিশ্বের এই মুহূর্তে পাঁচ নম্বরে থাকা দল। তাই তাদের বিরুদ্ধে খেলতে নামার আগে আলাদা করে চাপ নেই। বরং ছেলেরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে। তিনি যোগ করেন, শুধু এটুকু জানি ব্রাজিল যে কোনও দলের বিরুদ্ধে খেলতে খেলতে পরিকল্পনা বদলে দেয়, তাই আমরা মনে করি, তারা কীভাবে শুরু করছে সেটাই আসল ব্যাপার। এদিকে শোনা যাচ্ছে, এই ব্রাজিলের সবচেয়ে নামী তারকা ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামতে পারেন।

এই বিষয়ে ব্রাজিল থেকে আসা গ্লোবো টিভির সাংবাদিক কার্লোস জিউ এদিন বলেন, ব্রাজিলের এই দলটাতে মোট নয়জন নতুন ফুটবলার রয়েছে, যারা একেবারে নতুন মুখ। কোচ কার্লোস আনচেলত্তি এই দলটিকে আগামী বিশ্বকাপের জন্য সাজাচ্ছেন। দলে চোট আঘাত সমস্যা রয়েছে। এমনকী দলের মধ্যে সেই সমঝোতাও এখনও তৈরি হয়নি। তাই রিয়াল মাদ্রিদ তথা বিশ্ব ক্লাব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ কোচের কাছে এখন নতুন চ্যালেঞ্জ। যদিও অস্ট্রেলিয়ার মাঠে তাদের চার গোল দিয়ে এসেছে ব্রাজিল। এই অবস্থায় যুবভারতীতে ব্রাজিলের সেই আকর্ষণীয় যোগো বোনিতো দেখা যাবে কিনা তা সময়ই বলবে।
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
কলকাতার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুটি ফুটবল বিশ্বকাপ এবং দুটি ক্রিকেট বিশ্বকাপ কভার করা এই সাংবাদিকের একাধিক আরও আন্তর্জাতিক ইভেন্ট করার অভিজ্ঞতাও রয়েছে। শুভ্র দুটি বইও লিখেছেন, একটা বিশ্বকাপের গল্প যুদ্ধ এবং শেষটি স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
