

গম্ভীর-জাদেজা। ছবি - AI
১৪ই আগস্ট, ২০২৬
গৌতম গম্ভীর কা গুসসা কিঁউ আতা হ্যায়! ভারতীয় ক্রিকেট মহলে কান পাতলে এই কথা শোনাই যেতে পারে। কারণ গম্ভীর এমন এক চরিত্র, যিনি ইগো সমস্যায় মারাত্মকভাবে ভোগেন। তিনি চান না কেউ তাঁর ওপর ছড়ি ঘোরাক। তাই তিনি ভারতীয় দলের কোচ হয়ে এসে সিনিয়রদের ছাঁটাই অভিযানে নেমেছিলেন। তিনি মনেপ্রাণে চান, সিনিয়রদের সরিয়ে দেওয়া মানে তিনি সহজে কোনও সিদ্ধান্ত নিতে পারবেন। জুনিয়রদের সঙ্গে কাজ চালানো সহজ হবে।
গম্ভীর এসেই যেটা করেছেন, বিরাট কোহলিকে সরিয়েছেন। তিনি সেইসময় ভাল ফর্মে। কিন্তু শিবিরের মধ্যে এমন একটা চাপের পরিবেশ তৈরি করেছিলেন, যাতে সিনিয়ররা বলতে বাধ্য হয়, তাঁদের আর এই দলে থাকা চলে না! তাই কোহলি দুরন্ত ফর্মে থাকতেই সরেছেন টেস্ট থেকে, তারপর টি ২০ ক্রিকেট থেকে।
একই কথা প্রয়োজ্য রোহিত শর্মার ক্ষেত্রেও। তিনি শেষ ওয়ান ডে সিরিজেও রান পেয়েছেন, তারপরেও তাঁকে শুনতে হচ্ছে, অবসর নিলে ভাল, নাহলে তাঁকেও বলে দেওয়া হবে, এবার আসতে পারো। রোহিত অবশ্য নিজে সরবেন না, তিনি চান এই নিয়ে দরকারে বিতর্ক হোক। তিনি টেস্ট থেকে সরেছেন, টি ২০ থেকেও। ওয়ান ডে দলে রয়েছেন, আর থাকবেনও। রোহিত পদক্ষেপ থেকে একটা বিষয় পরিস্কার, কোচ গম্ভীর এই নিয়ে কোনও সিদ্ধান্ত নিলে যাতে বিতর্ক সৃষ্টি হয়।
কোহলি, রোহিতের পরে অজিঙ্কা রাহানেও সরেছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। তিনিও অবসর নেওয়ার পরে যা বলেছেন, তা শুনে মনে হবে প্রচ্ছন্ন কোনও বার্তায় তাঁর দ্রুত অবসর নেওয়া। রাহানেরও কথার ইঙ্গিত গম্ভীরের দিকেই।
এবার পড়ে রইলেন সিনিয়রদের মধ্যে রবীন্দ্র জাদেজা। তিনিও নাকি আসন্ন শ্রীলঙ্কা সিরিজে টেস্ট থেকে অবসর নিতে পারেন। কোচ গম্ভীর আড়ালে আবডালে বলতে শুরু করেছেন, জাদেজার বিকল্প পেয়ে গিয়েছে ভারতীয় দল। গম্ভীর চান তরুণদের নিয়ে বাজিমাত করতে, তাই সিনিয়র হঠাও অভিযানে তিনি এখনও সামিল। এদিকে, সিনিয়র পেসার ভুবনেশ্বর কুমার জানিয়েছেন, তিনি টেস্ট খেলতে প্রস্তুত রয়েছেন, নির্বাচকরা ভাবলে তিনি মাঠে নামতে তৈরি জাতীয় দলের কথা ভেবে। কোচ গম্ভীর সবটাই শুনেছেন, কিন্তু তিনি সিনিয়র আর নেবেন না, সেটি পরিষ্কার করে দিয়েছেন বোর্ড কর্তাদের।
২০০৯ সালে জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল জাদেজার। তারপর থেকে টানা ১৭ বছর খেলে চলেছেন তিনি। কিন্তু এবার তাঁর ফর্ম ধারাবাহিক থাকলেও কোচ গম্ভীর চান আগামী দিনের কথা ভেবে জুনিয়র আমদানি করতে চান। বর্তমানে চোটের কবলে আছেন ওয়াশিংটন সুন্দর। অক্ষর প্যাটেলও তালিকায় রয়েছেন। এছাড়াও মানব সুথার, সারাংশ জৈনের মতো তরুণরাও শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে সুযোগ পাবেন বলে মনে করা হচ্ছে।
এই মুহূর্তে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল। তাঁর নেতৃত্বে তরুণ দল মাঠে নামবে। সেখানে কোচ মনে করছেন, জাদেজা এই দলে বেমানান। তিনি নাকি বিশ্বস্তমহলে জানিয়েছেন, শ্রীলঙ্কা সিরিজে দারুণ কিছু করতে পারলে জাদেজা দলে থাকবেন, না হলে বিদায়।
এই অবস্থায় জাড্ডুও চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন এই সফরকে। তিনি ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছেন। জিতেছেন টি ২০ বিশ্বকাপও। যদিও রোহিত, কোহলি দুরন্ত ফর্মে থাকতেও গম্ভীরের কোপে পড়েছেন, তাই জাদেজা ভালো খেললেও দলে থেকে যাবেন, এমনটা জোর দিয়ে বলা যাচ্ছে না।
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
অভিজ্ঞ, সংবেদনশীল, অনুসন্ধিৎসু এবং সমকালীন ও আগামী সম্পর্কে ওয়াকিবহাল কর্মঠ কিছু তরুণ-তরুণী নিয়ে দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক। ভারতীয় বাঙালি সংস্কৃতির পথ ধরে গ্লোবাল লেন্স দিয়ে দুনিয়াকে দেখে সকলের সামনে পরিবেশন করাই তাঁদের লক্ষ্য। মিলেনিয়াল-জেনX-এর অভিজ্ঞতা ও জেনZ-র উৎসাহর যথাযথ রসায়নে গঠিত 'দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক'।
