wbaseemblyelection2026
২৩শে এপ্রিল, ২০২৬
রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রথম দফাতেই উত্তেজনার পারদ চড়ছে তুঙ্গে। বৃহস্পতিবার ১৫২টি আসনে ভোটগ্রহণ— উত্তরবঙ্গ থেকে জঙ্গলমহল, দুই মেদিনীপুর থেকে পশ্চিম বর্ধমান— কার্যত গোটা রাজনীতির ‘মিনি ব্যাটলফিল্ড’ তৈরি হয়েছে এক দিনেই। কোথাও তৃণমূল বনাম বিজেপির সরাসরি সংঘর্ষ, কোথাও কংগ্রেসের শক্ত ঘাঁটি, আবার কোথাও বামেদের চুপিসারে উঠে আসার লড়াই— সব মিলিয়ে প্রথম দফাই নির্ধারণ করে দিতে পারে নির্বাচনের রূপরেখা।
নন্দীগ্রাম: আবারও ‘মহারণ’
সবচেয়ে বেশি নজর পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। ২০২১-এর স্মৃতি এখনও টাটকা— যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জাতীয় রাজনীতির শিরোনামে উঠে এসেছিলেন শুভেন্দু অধিকারী।
এ বারও ময়দানে শুভেন্দু। তবে তৃণমূলের চাল চমকপ্রদ— প্রাক্তন বিজেপি নেতা পবিত্র করকে প্রার্থী করে সরাসরি ‘ঘরের ছেলেকে ঘরে ফেরানো’র কৌশল। ফলে এই কেন্দ্রেই হতে চলেছে সবচেয়ে তীব্র লড়াই।
বহরমপুর: অধীরের অস্তিত্বের লড়াই
মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্র যেন অধীর রঞ্জন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যতের পরীক্ষাগার। লোকসভায় হার, প্রদেশ সভাপতির পদ খোয়ানো— সব চাপ নিয়েই আবার ময়দানে অধীর। তাঁর প্রতিটি পদক্ষেপে নজর শুধু বহরমপুরে নয়, গোটা জেলার রাজনীতিতে।
সাগরদিঘি থেকে ডোমকল: দলবদলের নাটক
সাগরদিঘিতে তৃণমূলের বায়রন বিশ্বাস— এক সময় কংগ্রেসের টিকিটে জিতে পরে দলবদল। তাঁর বিরুদ্ধে কংগ্রেসের মনোজ চক্রবর্তী।
অন্যদিকে রেজিনগর ও ডোমকল— দুই কেন্দ্রেই ‘হুমায়ুন ফ্যাক্টর’। দলবদল, নতুন দল গঠন, জোট ভাঙন— সব মিলিয়ে চূড়ান্ত অনিশ্চয়তা।
খড়্গপুর ও জঙ্গলমহল: পুরনো মুখ বনাম নতুন সমীকরণ
খড়্গপুর সদরে ১০ বছর পর ফিরে এসেছেন দিলীপ ঘোষ । জঙ্গলমহলে তৃণমূলের একাধিক হেভিওয়েট— বিরবাহা হাঁসদা, মানস ভুঁইয়া— নিজেদের জমি ধরে রাখতে মরিয়া।
মন্ত্রীদের লড়াই
প্রথম দফাতেই ময়দানে পাঁচ মন্ত্রী— উদয়ন গুহ, মানস ভুঁইয়া, মলয় ঘটক, বিরবাহা হাঁসদা, সাবিনা ইয়াসমিন। প্রশাসনিক অভিজ্ঞতা কি ভোটবাক্সে সুবিধা দেবে, তা দেখার।
তারকা ও চমকপ্রদ প্রার্থী
প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা ময়না থেকে বিজেপির প্রার্থী,অ্যাথলিট স্বপ্না বর্মণ রাজগঞ্জে তৃণমূলের মুখ,
বিজেপির অগ্নিমিত্রা পাল, জিতেন্দ্র তিওয়ারি— শিল্পাঞ্চলে লড়াই জমাতে প্রস্তুত
সংখ্যার অঙ্ক
গতবার এই ১৫২ আসনের মধ্যে তৃণমূল জিতেছিল ৯২টি, বিজেপি ৫৯টি। এ বার সেই অঙ্ক বদলাবে, না কি শাসক দল এগিয়েই থাকবে— তার প্রথম ইঙ্গিত মিলবে এই দফাতেই।
এক কথায় প্রথম দফার ভোট মানেই শুধু সূচনা নয়— এটাই হতে পারে গোটা নির্বাচনের ‘টোন সেটার’। নন্দীগ্রাম, বহরমপুর, জঙ্গলমহল— সব জায়গাতেই লড়াই তীব্র। এখন শুধু অপেক্ষা— ইভিএমে বন্দি জনমতের রায় কাদের দিকে ঝুঁকবে!
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
অনলাইন বাংলা ম্যাগাজিন।