howrah-union-club
২৬শে এপ্রিল, ২০২৬
ময়দানের ইতিহাসে হাওড়া ইউনিয়ন
কলকাতা ময়দানে যে কয়েকটি শতবর্ষ প্রাচীন ক্লাব রয়েছে তার মধ্যে হাওড়া ইউনিয়ন ক্লাব অন্যতম। এই ক্লাবের সঙ্গে জড়িয়ে রয়েছে দীর্ঘ ইতিহাস। বহু ফুটবলার ও ক্রিকেটারের উঠে আসার মঞ্চ তো বটেই, পাশাপাশি হকি এবং ভলিবল খেলাতেও এই ক্লাব থেকে বহু মনিমাণিক্য বাংলা ও দেশের খেলাধুলা সমৃদ্ধ করেছে।
ক্রীড়া প্রশাসক তৈরির কারখানা
শুধু কী তাই, এই নামী ক্লাব কত যে ক্রীড়া প্রশাসক তৈরি করেছে ইয়ত্তা নেই। প্রয়াত কর্তা ইন্দ্রনাথ দে, আদিনাথ দের মতো কিংবদন্তি প্রশাসকদের পদাঙ্ক অনুসরণ করছেন বর্তমান দুই যুগ্মসচিব অনির্বাণ দে ও দেবরাজ দেরা। তাঁরাও ক্লাবের পূর্বসুরীদের দেখানো পথেই ফুল ফোটানোর চেষ্টা করে চলেছেন। আরও অবাক করার বিষয় হল, যে কোনও সিদ্ধান্তের আগে ক্লাবের টেবিলে প্রবীণ কর্তাদের মত নিয়েই তাঁদের উত্তরসূরিরা যে কোনও পদক্ষেপ গ্রহণ করে থাকেন।

ময়দানে ক্রিকেট শিবিরে বসন্ত
কোনোদিন সকালে কিংবা বিকেলে হাওড়া ইউনিয়ন টেন্টে গেলে মনটা ভাল হয়ে যায়। প্রায় ২০০ খুদে শিক্ষার্থী বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপে ক্রিকেট কোচিং নিচ্ছে। এমন দৃশ্য এর আগে ময়দানে উধাও হয়ে গিয়েছিল। ব্যাঙের ছাতার মতো মোটা টাকা ডোনেশন নিয়ে ক্রিকেট ক্লিনিক শুরু হয়েছিল। এখনও সেগুলো রয়েছে। সেখানে ব্যবসাই মুখ্য। কিন্তু হাওড়া ইউনিয়ন ক্লাবের কর্তারা নামমাত্র পারিশ্রমিকে খুদে ক্রিকেটারদের আগামী দিনের জন্য তৈরি করছেন। নামী কোচরা এর দেখভালের দায়িত্বে রয়েছেন। তাঁরা হলেন, কোচ সুজিত শা ও মহম্মদ শফিকরা। মোট চার রকমের পিচ রয়েছে টেন্টে। এমনকী আধুনিক বোলিং মেশিন দিয়ে বোলারদের শিক্ষণ পদ্ধতি অনুসরণ করা হয়। অনূর্ধ্ব ১৩, ১৫ এবং ১৮ এই গ্রুপের যুবদের নিয়ে সিএবি লিগ তো খেলা হয়। পাশাপাশি কলকাতায় যত মেজর যুব লিগ হয়, সেখানে অংশ নেয় ক্লাবের জুনিয়র ও যুব ক্রিকেট দল। এর আগে ক্লাবের উদ্যোগে নয়ের দশকে উইকেট কিপিং কোচিং ক্লিনিক হয়েছিল বিশ্বকাপজয়ী উইকেট রক্ষক সাঈদ কিরমানির অধীনে। উল্লেখ্য, হাওড়া ইউনিয়ন এবারের সিএবি দ্বিতীয় ডিভিশন লিগের গ্রুপ চ্যাম্পিয়ন।

ফুটবলের সেরা পাঠশালা
কিংবদন্তি শৈলেন মান্নার ফুটবল শিক্ষার আতুরঘর হাওড়া ইউনিয়ন ক্লাবের যুব ফুটবল শিবিরও দেখার মতো। অনূর্ধ্ব ১২, ১৫, ১৬ তিনটি গ্রুপে বিভাজন করে এই মাদার ক্লাবের ছত্রছায়ায় বেড়ে উঠেছে কিশোরবাহিনী, মিলন চক্র, হাওড়া টাউন ক্লাব নিয়মিত তাদের কাজ করে চলেছে। এই যুব ও জুনিয়র দলগুলো নার্সারি লিগ ছাড়াও বিভিন্ন বয়সভিত্তিক টুর্নামেন্ট খেলছে। প্রতি দলের কোচরাও সফল ও পরীক্ষিত। হাওড়া ইউনিয়ন ক্লাবের বর্তমান শীর্ষ কর্তা অনির্বাণ দে জানিয়েছেন, "এই ক্লাব থেকে বহু বরেণ্য ফুটবলার উঠে এসেছেন। আমরা অতীতের ওই গরিমা বজায় রেখে ফুটবল এবং ক্রিকেট শিবিরকে ঢেলে সাজিয়েছি। আগামী ৫-৭ বছর পরে আমাদের ক্লাব থেকে আবারও বহু প্রতিভাবান ফুটবলার ও ক্রিকেটার উঠে আসবে।"
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
কলকাতার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুটি ফুটবল বিশ্বকাপ এবং দুটি ক্রিকেট বিশ্বকাপ কভার করা এই সাংবাদিকের একাধিক আরও আন্তর্জাতিক ইভেন্ট করার অভিজ্ঞতাও রয়েছে। শুভ্র দুটি বইও লিখেছেন, একটা বিশ্বকাপের গল্প যুদ্ধ এবং শেষটি স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।