wc-football-
৬ই মে, ২০২৬
তিন দেশে বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল শুরু হতে আর একমাসের কিছু সময় বাকি রয়েছে। ১১ জুন থেকে মেগা ইভেন্ট শুরু হবে তিনটি দেশ, আমেরিকা, কানাডা এবং মেক্সিকোতে। কিন্তু এই অল্প সময়ের মধ্যে ভারতে বিশ্বকাপ ফুটবলের ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে কিনা সেটি ঠিক নেই।
কেন এই সম্প্রচার সমস্যা
ফিফা আগামী ২০২৬ এবং ২০৩০ সালের বিশ্বকাপ ফুটবলের জন্য সম্প্রচার স্বত্ত্ব অনুযায়ী মোট ৩২৬ কোটি টাকা চেয়েছে। কিন্তু এত অর্থ দিয়ে কেউই এক মাসের এই মেগা আসরের জন্য এই দায়িত্ব নিতে চাইছে না। সেই নিয়েই সমস্যা। এই দুটি বিশ্বকাপ দেখানোর জন্য রিলায়েন্স ডিজনি মাত্র ১৮৬ কোটি টাকা দিতে চাইছে ফিফাকে। কিন্তু একেবারে অর্ধেক অর্থে কোনোভাবেই ফিফা সেই স্বত্ত্ব রিলায়েন্সকে দিতে চাইছে না। যে কারণে আগামী দিনে কী হবে বলা যাচ্ছে না।
কীভাবে মিটবে এই সমস্যা
ফিফা ইতিমধ্যেই বিশ্বের ১৭৫টি দেশে বিশ্বকাপ ফুটবল দেখার সম্প্রচার স্বত্ত্ব দিয়েছে। বাকি শুধু ভারত এবং চিন। কারণ এই দুই দেশের কোনও কোম্পানি সম্প্রচারের দায়িত্ব নিতে চাইছে না। এবার ভারতে এই দায়িত্ব কে নেবে সেটাই দেখার। ফিফা প্রতি বিশ্বকাপ পিছু ১৬৬ কোটি টাকা দাবি করেছে। কিন্তু এই অর্থ বিনিয়োগ করা নিয়েই বিতর্ক।
মেসি, রোনাল্ডোদের দেখা যাবে না?
এবার বিশ্বকাপ ফুটবল নিয়ে এমনিতেই সারা বিশ্বের ফুটবল প্রেমীদের মধ্যে উন্মাদনা রয়েছে। দুই ফুটবল রাজপুত্র শেষবারের মতো মেগা ইভেন্টে নিজেদের দেশের জার্সি পরে খেলতে নামবেন। তাই ভারতীয় ফুটবল প্রেমীরা এই ম্যাচগুলো টাটকা দেখতে পারবেন কিনা জটিলতা সৃষ্টি হয়েছে। এবার আমেরিকায় যখন খেলাগুলো রয়েছে, তখন ভারতে গভীর রাত কিংবা একেবারে কাক ভোর। তাই শেষমেশ কী হবে সেই নিয়ে জল্পনা চলছেই।
ফিফার দাবি অনেকটাই কমেছে
ফিফা প্রথমে দুটি বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে মোট ৯৩০ কোটি টাকা দাবি করেছিল। সেই নিয়ে সারা বিশ্বই বিতর্ক শুরু হয়ে যায়। সেই বিতর্কের জন্য ফিফা সেই দাবি থেকে এক তৃতীয়াংশ করে দিয়েছে। তারপরেও ভারতে বিশ্বকাপ দেখা নিয়ে এখনও বিশ বাও জলে।
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
অনলাইন বাংলা ম্যাগাজিন।