১২ই সেপ্টেম্বর, ২০২৬

info@thefourthaxis.in
header-ad
ভারতীয় ক্রিকেটে ‘মানব সভ্যতা’

মানব সুথার। ছবি - AI

ভারতীয় ক্রিকেটে ‘মানব সভ্যতা’

মূল বিষয়

নেট বোলার থেকে একেবারে ভারতীয় দলে। এর আগেও ভারতীয় ক্রিকেটে এমন দৃষ্টান্ত রয়েছে। হেমু অধিকারী নেট বোলার থেকে এ ভাবেই জাতীয় দলের হয়ে খেলেছিলেন। এমনকী পেস বোলার সুব্রত বন্দ্যোপাধ্যায়ও তাই। কিন্তু মানব সুথার যা করেছেন শ্রীলঙ্কার মাটিতে, সেটি ইতিহাস হয়ে গেল। দুই ইনিংস মিলিয়ে দশটি উইকেট নিয়ে তিনি শিরোনামে চলে এলেন।

রাজস্থানের গঙ্গানগর এলাকার এক অখ্যাত স্পিনার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে যে পারফরম্যান্স করলেন, তা নিয়েই আলোচনা চলবে। কে এই মানব সুথার? তাঁর বোলিংয়ের বিশেষত্বই বা কী? মানব ২৪ বছরের বাঁহাতি অর্থোডক্স স্পিনার, যিনি আবার ব্যাট হাতেও গর্জে উঠতে পারেন।

মানব সভ্যতার শুরু কোথায়?

মানবের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হয়েছিল অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে। সেই ম্যাচেও দাগ কেটেছিলেন এই তরুণ স্পিনার। পাশাপাশি ভারত-এ দলের হয়ে বিদেশ সফরও করেন পরের বছরই। উল্কার গতিতে উত্থান ঘটেছে মানবের, যিনি অন্তরালে থেকে প্রচারের আলোয় এলেন এবারই। আইপিএলে অবশ্য গুজরাত টাইটান্সের হয়ে ২০২৪ সালে খেলা শুরু করেছিলেন। গতবারও তিনি ছন্দে ছিলেন। সেই কারণেই দেশের নির্বাচকরা গত আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজে মানবকে জাতীয় দলে সুযোগ দেন।

আরও পড়ুন
কোহলি-রোহিত-রাহানের পর গম্ভীরের নিশানায় জাদেজা!
মাঠের বিখ্যাত বাবাদের ত্যাগই যখন রূপকথার জন্ম দেয়
মারাদোনার জীবনের শেষ একটা মাস…

আফগানদের বিরুদ্ধে টেস্ট অভিষেক হলেও শ্রীলঙ্কার মাটিতে নিজের জাত চেনালেন মানব। তিনি মনে করিয়েছেন হরিয়ানার নরেন্দ্র হিরওয়ানিকে। মানবের কবজির মোচড়ে এমন জাদু রয়েছে যে তিনি জাতীয় দলের নেট বোলিং সেশনে সমস্যায় ফেলেছিলেন রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও। রোহিতই তাঁর নাম নির্বাচক ও কোচ গৌতম গম্ভীরের কাছে সুপারিশ করেছিলেন। রোহিতের আস্থার মর্যাদা দিলেন এই উদীয়মান স্পিনার। 

মানব সুথারের দুরন্ত বোলিংয়ের সৌজন্যে ভারতের ৬০০ তম টেস্টে ৩৭২ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কা ২০৬ রানে অলআউট হয়ে গিয়েছে।

মানবের রেকর্ড

২৯টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে তাঁর দখলে রয়েছে ১২৯টি উইকেট। তাঁর বোলিং ইকোনমি মাত্র ২.৯৪, যা লাল বলের ক্রিকেটে তাঁর নিয়ন্ত্রণের পরিচয় দেয়। শুধু বল হাতেই নয়, ব্যাট হাতেও যথেষ্ট কার্যকরী মানব। ২৫.৫৪ গড়ে ৯৪৫ রান করেছেন তিনি, যার মধ্যে রয়েছে একটি শতরান ও ছয়টি অর্ধশতরান।

মানবের অলরাউন্ড দক্ষতার আরও বড় প্রমাণ মিলেছে তাঁর সাম্প্রতিক প্রথম শ্রেণির ম্যাচেও। জানুয়ারিতে হিমাচল প্রদেশের বিরুদ্ধে ম্যাচে প্রথম ইনিংসে দুর্দান্ত ১২০ রানের ইনিংসের পাশে মোট সাতটি উইকেট নিয়েছিলেন তিনি। লোয়ার অর্ডারে ব্যাট হাতে রান করার সঙ্গে বল হাতে তাঁর ভেলকি সারা বিশ্বই জেনে গিয়েছে।

শ্রীলঙ্কার গল টেস্টে ১০ উইকেট নিয়ে মানব বুঝিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া। আরও প্রাসঙ্গিক কথা, মানবের এই উত্থানে কুলদীপ যাদব'ও চাপে পড়ে গেলেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। তবে প্রতিভার বিচ্ছুরণ এ ভাবেই ঘটে, তা ফের প্রমাণ করলেন রাজস্থানের এক অখ্যাত গ্রামের তরুণ।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

অভিজ্ঞ, সংবেদনশীল, অনুসন্ধিৎসু এবং সমকালীন ও আগামী সম্পর্কে ওয়াকিবহাল কর্মঠ কিছু তরুণ-তরুণী নিয়ে দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক। ভারতীয় বাঙালি সংস্কৃতির পথ ধরে গ্লোবাল লেন্স দিয়ে দুনিয়াকে দেখে সকলের সামনে পরিবেশন করাই তাঁদের লক্ষ্য। মিলেনিয়াল-জেনX-এর অভিজ্ঞতা ও জেনZ-র উৎসাহর যথাযথ রসায়নে গঠিত 'দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক'।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য