IPL
১৬ই এপ্রিল, ২০২৬
প্রথম ম্যাচেই সুপারহিট
১৯৮৮ সালে ভারতীয় সিনেমায় আমির খানের সেই ‘‘কয়ামত সে কয়ামত ত্ক’’ - ছবিতে গান করেছিলেন উদিত নারায়ণ। সেই সিনেমার গান হিট হতেই আর পিছন ফিরে তাকাননি উদিত। তিনি এখনও মনে করেন অভিষেকে সেই সাফল্য না পেলে তিনি আরও কয়েক বছর পিছিয়ে যেতেন। কথায় রয়েছে অভিষেক মঞ্চ যদি কারও ভাল হয় তাহলে তিনি আর পিছন ফিরে তাকান না।
আইপিএল ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে হায়দরাবাদের পেসার প্রফুল হিঙ্গের অভিষেক ম্যাচ স্মরণীয় হয়ে থাকল উপ্পল স্টেডিয়ামে। গত ১৮ বছরের আইপিএল ইতিহাসে যা দেখা যায়নি সেই খেলার প্রথম ওভারেই তিনটি উইকেট নিয়েছেন এই অনামী বোলার প্রফুল।
৩০ লাখ টাকায় হায়দরাবাদে
দুদিন আগে যার কোনও পরিচিতি ছিল না। তিনি রাতারাতি হয়ে গেছেন হিরো। দিদি ভাল একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। স্কুলের অনেকেই বলত প্রফুল্লকে, দিদির মতো হতে শেখো। কিন্তু সকালে উঠে প্রায় ভোর চারটার সময় মাঠে ছুটে যেতেন ওই উঠতি পেসার। যিনি ২০২৪ সালে ঘরোয়া ক্রিকেটে খেলা শুরু করেছিলেন। বিদর্ভের হয়ে রঞ্জি ট্রফিতেও আলো কেড়েছিলেন। সেই সুবাদেই এবার আইপিএল নিলামে তাঁকে ৩০ লাখ টাকায় কিনে নেয় হায়দরাবাদ। সবাই যেখানে কোটি টাকা পেয়েছে সেখানে এই অনামী পেসারকে নিয়ে স্বপ্ন দেখেছিল চারমিনার সিটি।
পাড়ায় খেপ খেলে বেড়াতেন প্রফূল
বরুণ অ্যারন এই মুহূর্তে হায়দরাবাদ দলের বোলিং কোচ। তিনিই তৈরি করেছেন নাগপুরের ছেলে প্রফুলকে। একটা সময় পাড়ার মাঠে খেপ খেলে বেড়াত। তারপর স্থানীয় কোচের পরামর্শে প্রফুল চেন্নাইয়ের এমআরএফ পেস ফাউন্ডেশনে ভর্তি হন। মাত্র দুই সপ্তাহের জন্য ব্রিসবেন গিয়েছিলেন পেস বোলিং এর পাঠ নিতে। ফিরে এসে আরও ধারালো হয়েছেন ২৫ বছরের পেসার। যাঁর বাবা সামান্য একজন সরকারি কর্মচারী। আর মা গৃহবধূ। কিন্তু ওই যে প্রথম রাতেই বাজিমাত করে দেশের নির্বাচকদের নজর কেড়ে নিলেন নবাগত পেসার।
আইপিএলে ইতিহাস
এর আগে কেউ এই কৃতিত্ব অর্জন করেননি। তিনি আউট করেছেন বিপক্ষের বিধ্বংসী ব্যাটার বৈভব সূর্যবংশীকে, এছাড়াও ফিরেছেন রিয়ান পরাগ, ধ্রুব জুরেলরা।
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
অনলাইন বাংলা ম্যাগাজিন।