west bengal assembly election 2026 central force
১৫ই এপ্রিল, ২০২৬
কলকাতা: প্রথম দফার ভোটকে ঘিরে নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি রাজ্য পুলিশকেও বড় সংখ্যায় মোতায়েন করা হচ্ছে। কমিশনের হিসাব অনুযায়ী, প্রথম দফার ভোটে মোট ৪০ হাজার ৯২৮ জন রাজ্য পুলিশ দায়িত্বে থাকবেন। তবে সংখ্যার বিচারে কেন্দ্রীয় বাহিনীর তুলনায় তা অনেকটাই কম—প্রায় চার ভাগের এক ভাগ।
সবচেয়ে বেশি রাজ্য পুলিশ মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদে। কমিশন ওই জেলাকে দু’টি পুলিশ জেলায় ভাগ করেছে—মুর্শিদাবাদ ও জঙ্গিপুর। সেখানে যথাক্রমে ৪২১৬ এবং ১৫৫০ জন পুলিশ থাকবেন। সব মিলিয়ে মুর্শিদাবাদেই মোট ৫৭৬৬ জন পুলিশ মোতায়েন করা হচ্ছে।
উত্তরবঙ্গের সব জেলাতেই প্রথম দফায় ভোট। সেই অনুযায়ী পুলিশ মোতায়েনের ছবিটাও স্পষ্ট। দার্জিলিঙে ১১৭০, কালিম্পঙে ৬২৭, আলিপুরদুয়ারে ১১৫৯, জলপাইগুড়িতে ১৪৬৭, কোচবিহারে ২৩৭০ এবং শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে ১২৯০ জন পুলিশ থাকবেন। মালদহে এই সংখ্যা ২৮১৮। উত্তর দিনাজপুরকেও দু’ভাগে ভাগ করা হয়েছে—ইসলামপুরে ১১১৯ এবং রায়গঞ্জে ১০০৪ জন পুলিশ মোতায়েন থাকছে।
জঙ্গলমহলেও নিরাপত্তা জোরদার। ঝাড়গ্রামে ১১০৮, পুরুলিয়ায় ৩০০৫, বাঁকুড়ায় ৩১২৭ এবং বীরভূমে ৩২৪৮ জন রাজ্য পুলিশ ভোটের দায়িত্বে থাকবেন।
একই দিনে ভোট রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানেও। এই তিন জেলায় যথাক্রমে ৩৯৮১, ৩৩২৭ এবং আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ৩১২৭ জন পুলিশ মোতায়েন করা হচ্ছে।

তবে সব হিসাবকে ছাপিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি। কমিশন আগেই জানিয়েছিল, প্রথম দফায় মোট ২৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। প্রতি কোম্পানিতে গড়ে অন্তত ৭২ জন সদস্য ধরলে, মোট বাহিনীর সংখ্যা দাঁড়াচ্ছে প্রায় ১ লক্ষ ৭৩ হাজার ৩০৪। অর্থাৎ রাজ্য পুলিশের তুলনায় প্রায় চার গুণ বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে ভোটের ময়দানে।
সব মিলিয়ে, প্রথম দফার ভোটে নিরাপত্তা ঘিরে ‘মাল্টি-লেয়ার’ বন্দোবস্ত—রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যুগপৎ উপস্থিতিতে ভোট যাতে শান্তিপূর্ণ হয়, সেই লক্ষ্যেই এগোচ্ছে কমিশন।
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
অনলাইন বাংলা ম্যাগাজিন।