১২ই সেপ্টেম্বর, ২০২৬

info@thefourthaxis.in
header-ad
মাত্র ৫০০ টাকায় ভারত ভ্রমণ!

ছবি - Google

মাত্র ৫০০ টাকায় ভারত ভ্রমণ!

মূল বিষয়

শুধু পাহাড়-সমুদ্র-স্মৃতিসৌধ নয়, এ বার পর্যটকদের সামনে তুলে ধরা হবে ভারতের অচেনা গল্প, স্থানীয় সংস্কৃতি আর শহরের গলি-ঘুপচি। পর্যটন মন্ত্রকের উদ্যোগে MakeMyTrip-এর সঙ্গে হাত মিলিয়ে দেশ জুড়ে ৬০টিরও বেশি শহরে চালু হল ৩৫০-র বেশি গাইডেড ট্যুর। পর্যটকদের চেনা ‘সাইটসিইং’-এর বাইরে স্থানীয় মানুষ, ইতিহাস, খাবার, শিল্প ও সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগ করে দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। ট্যুরগুলির দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে।

পর্যটন মন্ত্রকের ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ এবং ‘দেখো আপনা দেশ’ ভাবনাকে সামনে রেখেই এই উদ্যোগ। এত দিন বহু স্থানীয় ওয়াক, ফুড ট্রেল বা সাংস্কৃতিক অভিজ্ঞতার খোঁজ পেতে পর্যটকদের স্থানীয় পরিচিতি বা ঘটনাস্থলে গিয়ে বুকিংয়ের উপর নির্ভর করতে হত। নতুন ব্যবস্থায় সেই অভিজ্ঞতাগুলিকে একটি প্ল্যাটফর্মে এনে আগে থেকেই খোঁজা এবং বুক করার সুযোগ তৈরি করা হচ্ছে।

মুসৌরিতে রাতের অন্ধকারে ভূতুড়ে হাঁটা

নতুন তালিকার অন্যতম আকর্ষণ মুসৌরির ‘ঘোস্ট ওয়াক’। রাতের পাহাড়ি শহরের ঔপনিবেশিক আমলের গলি ধরে হাঁটতে হাঁটতে স্থানীয় ইতিহাস ও ভূতের গল্পের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ থাকছে পর্যটকদের। অর্থাৎ দিনের আলোয় দেখা মুসৌরির বদলে এ বার শহরটিকে চেনা যাবে রাতের অন্য এক আবহে।

কলকাতায় ক্যামেরায় ধরা পড়বে শহরের জীবন

তালিকায় রয়েছে Kolkata Street Photography Tour। শহরের চেনা দর্শনীয় জায়গা ঘোরার বদলে ক্যামেরার চোখে কলকাতার রাস্তা, মানুষের জীবনযাত্রা এবং শহুরে সংস্কৃতিকে দেখার সুযোগ মিলবে এই ট্যুরে। কলকাতার যে গল্প বড় পর্যটন মানচিত্রে অনেক সময় ধরা পড়ে না, সেই গল্পই তুলে ধরার লক্ষ্য এই ধরনের স্থানীয় অভিজ্ঞতার।

কাশীর গঙ্গা থেকে পালামপুরের চা-বাগান

বারাণসীর পর্যটকদের জন্য রয়েছে ‘Sacred Ganges Immersion’। ভোরে গঙ্গার দৃশ্য দেখা থেকে সন্ধ্যার গঙ্গা আরতি! একটি ট্যুরেই শহরের আধ্যাত্মিক আবহকে কাছ থেকে অনুভব করার সুযোগ।

আরও পড়ুন
বন্দুক ছেড়ে র‍্যাম্পে মাওনেত্রী
মদ খান? রামমন্দিরে CEO-র ধর্মপরীক্ষা
দেশের কর্মক্ষেত্রে কমছে মহিলাদের অংশগ্রহণ!

পালামপুরে আবার পর্যটকদের নিয়ে যাওয়া হবে চা-বাগানে। সেখানে চা-চেখে দেখার বিশেষ অভিজ্ঞতা থাকছে। অর্থাৎ শুধু কোনও জায়গার ছবি তুলে ফিরে আসা নয়, সেই এলাকার সঙ্গে যুক্ত জীবন ও সংস্কৃতির অংশ হয়ে ওঠাই নতুন ট্যুরগুলির মূল আকর্ষণ।

আগরায় ঘুড়ি ওড়ানো, জয়পুরে হাতের কাজ

তাজমহলের শহর আগরাতেও চেনা পর্যটনের বাইরে নতুন অভিজ্ঞতা থাকছে। সেখানে ঐতিহ্যবাহী নাট্য পরিবেশনার সঙ্গে ঘুড়ি ওড়ানোর অভিজ্ঞতা যুক্ত করা হয়েছে।

জয়পুরে পর্যটকেরা স্থানীয় কারিগরদের কাছ থেকে হাতে-কলমে ব্লক প্রিন্টিং শেখার সুযোগ পাবেন। গোয়ার সালিগাঁওয়ে আবার কোনও স্থানীয় বাড়িতে গিয়ে হাই-টি খাওয়ার মতো অভিজ্ঞতা রয়েছে। অর্থাৎ পর্যটক এবং স্থানীয় জীবনের দূরত্ব কমানোই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

সাইকেলে গোয়া, মুম্বইয়ে ধারাভি-ধোবিঘাট

অফবিট অভিজ্ঞতার তালিকাও কম নয়। গোয়ার সালভাদর দো মুন্ডো ঘোরা যাবে ইলেকট্রিক সাইকেলে। মুম্বইয়ের ক্ষেত্রে ধারাভি, ধোবিঘাট, শহরের ডাব্বাওয়ালা এবং গেটওয়ে অফ ইন্ডিয়াকে ঘিরে বিশেষ অভিজ্ঞতার ব্যবস্থা থাকছে।

৬০টির বেশি শহরে থাকা এই ট্যুরগুলির মধ্যে হাঁটা, সাইকেল, গাড়িতে ঘোরা এবং বহু দিনের সফর—বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে। দাম শুরু ৫০০ টাকা থেকে। ভবিষ্যতে এই তালিকায় আরও শহর ও স্থানীয় অভিজ্ঞতা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।

পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের বক্তব্য, স্থানীয় গাইড, বিশেষজ্ঞ এবং সম্প্রদায়ই ভারতের পর্যটন-ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের সরাসরি পর্যটকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করবে এই উদ্যোগ। মেকমাইট্রিপের কর্ণধার রাজেশ মাগোরও জানিয়েছেন, ভারতের কম পরিচিত গল্পগুলিকে পর্যটকদের কাছে সহজে পৌঁছে দেওয়া এবং স্থানীয় গাইড ও বিশেষজ্ঞদের কেন্দ্রীয় ভূমিকায় আনা এই অংশীদারির লক্ষ্য।

অর্থাৎ, এ বার বেড়ানো মানেই শুধু ‘কোথায় গেলাম’ নয়; ‘কী দেখলাম, কার সঙ্গে দেখা হল, সেই জায়গার গল্পটা কী’ সেই অভিজ্ঞতাও সফরের অংশ। মুসৌরির ভূতুড়ে রাত থেকে কলকাতার রাস্তার ছবি পর্যটনের সেই নতুন স্বাদই সামনে আনতে চাইছে কেন্দ্র।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

অভিজ্ঞ, সংবেদনশীল, অনুসন্ধিৎসু এবং সমকালীন ও আগামী সম্পর্কে ওয়াকিবহাল কর্মঠ কিছু তরুণ-তরুণী নিয়ে দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক। ভারতীয় বাঙালি সংস্কৃতির পথ ধরে গ্লোবাল লেন্স দিয়ে দুনিয়াকে দেখে সকলের সামনে পরিবেশন করাই তাঁদের লক্ষ্য। মিলেনিয়াল-জেনX-এর অভিজ্ঞতা ও জেনZ-র উৎসাহর যথাযথ রসায়নে গঠিত 'দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক'।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য