৮ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

‘আনফলো’ মমতা-অভিষেক! বদলের ইঙ্গিত কলকাতা পুলিশের এক্স হ্যান্ডলে, প্রশাসনিক অন্দরেই জোর চর্চা

‘আনফলো’ মমতা-অভিষেক! বদলের ইঙ্গিত কলকাতা পুলিশের এক্স হ্যান্ডলে, প্রশাসনিক অন্দরেই জোর চর্চা

kolkata-police-x-handle-mamata-abhishek-

‘আনফলো’ মমতা-অভিষেক! বদলের ইঙ্গিত কলকাতা পুলিশের এক্স হ্যান্ডলে, প্রশাসনিক অন্দরেই জোর চর্চা

কলকাতা: রাজ্যে পালাবদলের পর প্রশাসনিক স্তরে বদলের ইঙ্গিত মিলছিলই। মহাকরণের আলো বদলেছে, বদলেছে সরকারি অনুষ্ঠানের রং-রূপ। এ বার সেই পরিবর্তনের ছাপ স্পষ্ট দেখা গেল কলকাতা পুলিশের সরকারি সমাজমাধ্যমের পাতাতেও। পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘আনফলো’ করল কলকাতা পুলিশের সরকারি এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট। আর তা ঘিরেই প্রশাসনিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা।

শনিবার শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের আবহে সামনে আসে এই পরিবর্তনের ছবি। বর্তমানে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্ট মোট ৪২টি অ্যাকাউন্ট ‘ফলো’ করছে। সেই তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রীর কার্যালয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সরকারি হ্যান্ডল এবং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু সেই তালিকায় আর নেই মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম।

রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, এটি নিছক ‘সোশ্যাল মিডিয়া আপডেট’ নয়, বরং প্রশাসনিক আনুগত্যের পরিবর্তিত সমীকরণের প্রকাশ্য প্রতিফলন। কারণ, দীর্ঘদিন ধরে কলকাতা পুলিশের সরকারি সমাজমাধ্যমের অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী ও শাসকদলের শীর্ষ নেতৃত্বকে অনুসরণ করার বিষয়টি ছিল প্রায় অলিখিত রীতি। সরকার বদলের সঙ্গে সেই তালিকার বদল প্রশাসনিক স্তরে নতুন বার্তা দিচ্ছে বলেই মত অনেকের।

উল্লেখযোগ্য ভাবে, শনিবার দুপুর পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স হ্যান্ডল এবং ফেসবুক পেজে তাঁর পরিচয়ে লেখা ছিল ‘Chief Minister of West Bengal’। যদিও নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই কার্যত বদলে যেতে শুরু করেছে তাঁর নিরাপত্তা ও প্রশাসনিক প্রোটোকলের চিত্র।

ফল প্রকাশের পরের দিনই কালীঘাটে মমতার বাড়ির সামনে থেকে সরিয়ে নেওয়া হয় বহু দিনের কড়া নিরাপত্তা বলয়। তুলে নেওয়া হয় ‘সিজ়ারস ব্যারিকেড’। আগে যেখানে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়া রাস্তায় ছিল কড়া নজরদারি, পরিচয়পত্র পরীক্ষা, এমনকি স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রেও ছিল বিশেষ বিধিনিষেধ, এখন সেই চিত্র অনেকটাই বদলে গিয়েছে। লালবাজার সূত্রে পরে জানানো হয়, প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে প্রোটোকল অনুযায়ী যতটা নিরাপত্তা প্রাপ্য, ততটাই দেওয়া হবে মমতাকে। অতিরিক্ত নিরাপত্তা আর থাকবে না।

একই ছবি দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও। তাঁর ক্যামাক স্ট্রিটের রাজনৈতিক দফতরের সামনে থেকে তুলে নেওয়া হয়েছে পুলিশি প্রহরা। শান্তিনিকেতনে তাঁর বাড়ি থেকেও সরানো হয়েছে নিরাপত্তা স্ক্যানার ও অন্যান্য নজরদারি ব্যবস্থা। সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের পর থেকেই ধাপে ধাপে প্রত্যাহার করা হচ্ছে বিশেষ নিরাপত্তা সংক্রান্ত একাধিক ব্যবস্থা।

এই পরিস্থিতিতে কলকাতা পুলিশের সরকারি এক্স অ্যাকাউন্টে ‘আনফলো’-এর ঘটনা নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতীক হিসেবেই দেখছেন অনেকেই। যদিও বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূলও প্রকাশ্যে কোনও মন্তব্য করেনি।

তবে প্রশাসনিক মহলের একাংশের মতে, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে সরকারি সংস্থার ডিজিটাল উপস্থিতি ও প্রোটোকলেও পরিবর্তন আসা অস্বাভাবিক নয়। কিন্তু রাজনৈতিক ভাবে অত্যন্ত স্পর্শকাতর বাংলায় এই পদক্ষেপের আলাদা তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে। শুধু রাজনীতির ময়দানেই নয়, ভার্চুয়াল দুনিয়াতেও যে পালাবদলের ছাপ স্পষ্ট, কলকাতা পুলিশের এক্স হ্যান্ডলের এই বদল যেন সেটাই আরও একবার সামনে এনে দিল।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

অনলাইন বাংলা ম্যাগাজিন।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য