৮ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

আরজি কর মামলায় সরে দাঁড়াল মান্থার বেঞ্চ, ‘সুবিচারের স্বার্থে অন্য বেঞ্চে শুনানি হোক’

আরজি কর মামলায় সরে দাঁড়াল মান্থার বেঞ্চ, ‘সুবিচারের স্বার্থে অন্য বেঞ্চে শুনানি হোক’

r-g-kar-case-parents-

আরজি কর মামলায় সরে দাঁড়াল মান্থার বেঞ্চ, ‘সুবিচারের স্বার্থে অন্য বেঞ্চে শুনানি হোক’

কলকাতা: আরজি কর হাসপাতালের চিকিৎসক-ছাত্রীর ধর্ষণ ও খুনের মামলায় গুরুত্বপূর্ণ মোড়। মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে শুনানির সময় বেঞ্চের পর্যবেক্ষণ, “এই আদালতে মামলার অত্যধিক চাপ রয়েছে। সুবিচারের স্বার্থে যে ডিভিশন বেঞ্চ পর্যাপ্ত সময় দিতে পারবে, সেই বেঞ্চেই মামলার শুনানি হওয়া উচিত।”

আদালত সূত্রে খবর, মঙ্গলবার মামলার অগ্রগতি নিয়ে স্টেটাস রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই রিপোর্ট গ্রহণও করে হাই কোর্ট। এর আগের শুনানিতে বিচারপতি মান্থার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছিল, প্রয়োজন হলে আরজি কর মামলায় নতুন করে সাজাপ্রাপ্ত সঞ্জয় রায় কিংবা অন্য সন্দেহভাজনদেরও জিজ্ঞাসাবাদ করতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তের স্বার্থে যে কাউকে জেরা করার পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে।

তবে মঙ্গলবার হঠাৎই মামলা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানায় ডিভিশন বেঞ্চ। আদালতের পর্যবেক্ষণে উঠে আসে, রাজ্য সরকার সম্ভবত একটি জুডিশিয়াল কমিশন গঠনের কথাও ভাবছে। সেই পরিস্থিতিতে এই সংবেদনশীল মামলার জন্য পর্যাপ্ত সময় দিতে পারবে এমন বেঞ্চে শুনানি হওয়াই শ্রেয় বলে মত আদালতের।

প্রসঙ্গত, এর আগেও এই মামলার শুনানি থেকে সরে দাঁড়িয়েছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। গত মার্চে বিচারপতি বসাক জানিয়েছিলেন, মামলার দ্রুত শুনানির আবেদন এলেও আদালতের পক্ষে পর্যাপ্ত সময় বের করা সম্ভব হচ্ছে না। সেই কারণেই তাঁরা মামলা থেকে অব্যাহতি নিচ্ছেন।

২০২৪ সালের ৯ অগস্ট আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসক-ছাত্রীর দেহ উদ্ধারের পর তোলপাড় পড়ে যায় রাজ্যজুড়ে। ঘটনার পরের দিনই কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার নেয় সিবিআই।

দীর্ঘ তদন্তের পর ২০২৫ সালের ১৮ জানুয়ারি শিয়ালদহ আদালত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে। ২০ জানুয়ারি বিচারক অনির্বাণ দাস তাঁকে আজীবন কারাবাসের সাজা শোনান। তবে রায় ঘোষণার আগেই সিবিআই তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। প্রথমে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সেই আবেদন শুনতে চাননি, কারণ তখন একই মামলা সুপ্রিম কোর্টেও বিচারাধীন ছিল।
পরে নির্যাতিতার পরিবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মামলার শুনানি করবে হাই কোর্টই। সেই মামলাই এত দিন চলছিল বিচারপতি মান্থার বেঞ্চে। কিন্তু নতুন করে বেঞ্চ বদলের জেরে আরজি কর মামলার ভবিষ্যৎ শুনানি কোন পথে এগোয়, এখন সেটাই দেখার।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

অনলাইন বাংলা ম্যাগাজিন।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য