WB ASSEMBLY ELECTION-CANDIDATES REPORT
১৭ই এপ্রিল, ২০২৬
যাঁদের হাতে আইন তৈরির দায়িত্ব তুলে দেওয়ার কথা, তাঁদের অনেকের হাতেই রক্তের দাগ লেগে থাকার অভিযোগ!
বাংলার বিধানসভা নির্বাচনের প্রথম দফার প্রার্থী তালিকা সামনে এসেছে। উঠে আসছে শিউরে ওঠার মত তথ্য। যাঁদের হাতে আইন তৈরির দায়িত্ব তুলে দেওয়ার কথা, তাঁদের অনেকের হাতেই রক্তের দাগ লেগে থাকার অভিযোগ! গুরুতর অপরাধের অভিযোগে অভিযুক্ত প্রায় প্রতিটি দলেরই বেশ কিছু প্রার্থী।
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর রিপোর্ট অনুসারে ১৪৭৫ জন প্রার্থীর মধ্যে ৩৪৫ জন অর্থাৎ প্রায় প্রতি চার জনে একজনের বিরুদ্ধে রয়েছে অভিযোগ ! প্রার্থীরা নিজের মুখেই স্বীকার করেছেন তাঁদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে ২৯৪ জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের অভিযোগ। সবচেয়ে শিউরে ওঠার মতো তথ্য, ১৯ জন প্রার্থীর বিরুদ্ধে সরাসরি খুনের অভিযোগ! খুনের চেষ্টার অভিযোগে ১০৫ জন।

নারী সুরক্ষার নামে রাজনৈতিক দলগুলোর উচ্চকিত স্লোগানও কার্যত ভেঙে পড়েছে এই পরিসংখ্যানে। ৯৮ জন প্রার্থীর বিরুদ্ধে মহিলাদের ওপর অত্যাচারের অভিযোগ, যার মধ্যে ৬ জনের বিরুদ্ধে ধর্ষণের মামলা।
নিজেদের ‘পার্টি উইথ আ ডিফারেন্স’ বলে দাবি করা বিজেপিই 'দাগি' প্রার্থী দেওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে। ১৫২ জন প্রার্থীর মধ্যে ১০৬ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা! গুরুতর অপরাধে অভিযুক্ত ৯৬ জন। অর্থাৎ, প্রতি তিন জনে দু’জনই 'দাগি'!
অন্য দলগুলোর অবস্থাও খুব একটা স্বস্তিদায়ক নয়। সিপিআই(এম), তৃণমূল, কংগ্রেস— সকলের তালিকাতেই রয়েছে একাধিক অভিযুক্ত নাম। শতাংশের হেরফের থাকলেও, ছবিটা সর্বত্রই প্রায় এক। ‘জিততে পারে’ এমন প্রার্থীই শেষ কথা, তাঁর অতীত যাই হোক না কেন।যদিও দলগুলোর বক্তব্য, “সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা”।
ভোটারদের হাতে রয়েছে তথ্য, চোখের সামনে প্রার্থীদের ‘অপরাধের খতিয়ান’। প্রতীকের মোহ না গণতন্ত্র? শেষ হাসি কে হাসবে তার উত্তর জানতে 4 মে পর্যন্ত অপেক্ষা করতেই হবে৷ তার ভিতরেই লুকিয়ে আছে বাংলার ভবিষ্যৎ।
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
অনলাইন বাংলা ম্যাগাজিন।