১২ই সেপ্টেম্বর, ২০২৬

info@thefourthaxis.in
header-ad
গুগলের AI টুল Pomelli, বুঝবে ব্যবসার ‘মেজাজ’, বিজ্ঞাপনও বানাবে

গুগলের নতুন AI টুল Pomelli, ছবি - Google

গুগলের AI টুল Pomelli, বুঝবে ব্যবসার ‘মেজাজ’, বিজ্ঞাপনও বানাবে

calender icon 2 ১০ই সেপ্টেম্বর, ২০২৬

মূল বিষয়

ছোট ব্যবসার জন্য বিজ্ঞাপন তৈরি, সোশ্যাল মিডিয়ায় নিয়মিত পোস্ট, পণ্যের ছবি সাজানো- সবই এত দিন আলাদা লোক বা এজেন্সির সাহায্যে করতে হত। এ বার সেই কাজের বড় অংশই সামলানোর দাবি করছে গুগলের নতুন AI টুল Pomelli। Google Labs ও Google DeepMind-এর তৈরি এই পরীক্ষামূলক প্ল্যাটফর্ম একটি ব্যবসার ওয়েবসাইট বিশ্লেষণ করে তার নিজস্ব ‘Business DNA’ তৈরি করতে পারে। সেখানে ধরা পড়ে ব্র্যান্ডের ভাষা, রং, ফন্ট, ছবির ধরন এবং সামগ্রিক ভিজ্যুয়াল পরিচয়। 

ওয়েবসাইটই হবে AI-এর ‘ব্রিফ’

Pomelli-তে ব্যবসার ওয়েবসাইট দেওয়ার পর সেটি সংস্থার পরিচয় বিশ্লেষণ করে। সেই তথ্যের ভিত্তিতেই পরবর্তী কনটেন্ট তৈরির চেষ্টা করে AI। ফলে একই ব্যবসার বিজ্ঞাপন, সোশ্যাল পোস্ট কিংবা ওয়েবসাইটে যেন আলাদা আলাদা ‘মেজাজ’ না তৈরি হয়, সেই ধারাবাহিকতা বজায় রাখাই লক্ষ্য। ছোট ব্যবসার ক্ষেত্রে যেখানে আলাদা ব্র্যান্ডিং টিম রাখা কঠিন, সেখানে এই সুবিধা বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। 

শুধু ছবি নয়, বিজ্ঞাপনের ভাবনাও

Business DNA তৈরি হয়ে গেলে Pomelli নিজেই ব্যবসার জন্য বিভিন্ন Campaign idea দিতে পারে। ব্যবহারকারী চাইলে নিজের পরিকল্পনাও লিখে দিতে পারেন। তার পর সেই ধারণার ভিত্তিতে তৈরি হয় ছবি ও লেখা-সহ একাধিক মার্কেটিং ক্রিয়েটিভ। শিরোনাম, বর্ণনা, Call to Action, টাইপোগ্রাফি—প্রয়োজন অনুযায়ী সেগুলিও সম্পাদনা করা যায়। 

মোবাইলে তোলা ছবিই ‘স্টুডিয়ো শুট’

Pomelli-র Photoshoot সুবিধা আরও নজরকাড়া। সাধারণ ভাবে মোবাইলে তোলা কোনও পণ্যের ছবি থেকে AI তৈরি করতে পারে স্টুডিয়ো বা লাইফস্টাইল-ধাঁচের পেশাদার ছবি। ব্যবহারকারী বিভিন্ন টেমপ্লেট বেছে নিতে পারেন, পরে তৈরি ছবিতে প্রয়োজনমতো পরিবর্তনও করা যায়। অর্থাৎ ছোট ব্যবসার জন্য পেশাদার ফটোশুটের খরচ ও সময়- দু’টিই কমানোর চেষ্টা করছে Google। 

AI বানাবে গোটা ওয়েবসাইটও

Pomelli-র ক্ষমতা এখন শুধু সোশ্যাল মিডিয়া পোস্টে আটকে নেই। Business DNA তৈরি করার পর কয়েকটি ধাপেই নতুন ওয়েবসাইট তৈরি, সম্পাদনা এবং প্রকাশ করা যায়। প্রয়োজন হলে একই ওয়েবসাইটের একাধিক সংস্করণ তৈরি করে পছন্দেরটি বেছে নেওয়া সম্ভব।

আরও পড়ুন
আপনার ব্যক্তিগত AI সহকারী! মেটা নিয়ে এল ‘মিউজ’
ডেলিভারি বয়কে টেক্কা রোবটের!
ফ্রি মেমরির দিন শেষ! বড় সংকটে তথ্যপ্রযুক্তি দুনিয়া

ব্র্যান্ডের ‘বই’ও তৈরি করে দেবে

আরও একটি নতুন সুবিধা হল Brand Book। একটি সংস্থার ব্র্যান্ড-পরিচয়কে সাজিয়ে সেখানে রং, ফন্ট, ছবি এবং অন্যান্য ভিজ্যুয়াল উপাদানের নির্দেশিকা তৈরি করা যায়। অর্থাৎ ছোট কোনও ব্যবসার নিজস্ব ব্র্যান্ড-গাইড তৈরি করতেও আলাদা ডিজাইনারের উপর নির্ভরতা কমতে পারে।

Instagram থেকে Google Ads 

তৈরি হওয়া ছবি ও ভিডিয়ো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের জন্য ডাউনলোড করা যায়। Pomelli থেকে পেশাদার Instagram অ্যাকাউন্টে ক্রিয়েটিভ পাঠানোর সুবিধা রয়েছে। Google Ads-এর সঙ্গেও ক্রিয়েটিভ শেয়ার করা যায়। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, Pomelli থেকে Google Ads-এ কোনও ছবি পাঠালেই বিজ্ঞাপন নিজে থেকে চালু হয়ে যায় না; বিজ্ঞাপন চালু করার জন্য Google Ads-এর আলাদা প্রক্রিয়া অনুসরণ করতে হয়। 

‘ফ্রি’ হলেও সতর্ক থাকতে বলছে Google

বর্তমানে Pomelli পরীক্ষামূলক পর্যায়ে এবং Google-এর তথ্য অনুযায়ী এটি বিনা খরচে ব্যবহার করা যাচ্ছে। তবে AI তৈরি ছবিতে পণ্যের সূক্ষ্ম বিবরণ, যেমন রং, লোগো বা টেক্সচার বদলে যেতে পারে। ফলে বিজ্ঞাপন প্রকাশের আগে ছবিটি আসল পণ্যের সঙ্গে মিলিয়ে দেখা জরুরি।

ডিজাইনারের বিকল্প, না কি নতুন সহকারী?

Pomelli-কে সরাসরি ডিজাইনার বা মার্কেটিং পেশাদারের সম্পূর্ণ বিকল্প বলা এখনও ঠিক হবে না। বরং ছোট ব্যবসার জন্য এটি এমন একটি AI সহকারী, যা ব্র্যান্ডের পরিচয় বুঝে দ্রুত প্রচারের উপকরণ তৈরি করতে পারে। Google নিজেও এটিকে এখনও একটি পরীক্ষামূলক পরিষেবা হিসেবে দেখছে। 

ছোট ব্যবসার জন্য বড় বদলের ইঙ্গিত

একটি ওয়েবসাইট থেকে ব্র্যান্ডের পরিচয় বোঝা, সেখান থেকে বিজ্ঞাপনের ভাবনা তৈরি, পণ্যের ছবি সাজানো, সোশ্যাল মিডিয়া ক্রিয়েটিভ বানানো, এমনকি ওয়েবসাইট তৈরি, সব কিছু একই AI প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা করছে Pomelli। ফলে ডিজিটাল মার্কেটিংয়ের জগতে বড় সংস্থার সঙ্গে ছোট ব্যবসার ব্যবধান কিছুটা কমানোর সম্ভাবনাই দেখছে Google। অর্থাৎ, আগামী দিনে ব্যবসার বিজ্ঞাপন বানাতে শুধু ‘ডিজাইনার’ নয়, AI-কেও বসাতে হতে পারে মার্কেটিং টেবিলে।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
সৌমালী চক্রবর্তী
সৌমালী চক্রবর্তী

2016 সালে আচার্য প্রফুল্ল চন্দ্র কলেজ থেকে স্নাতক। 2020 থেকে লেখালেখির সঙ্গে যুক্ত। বর্তমানে The Fourth Axis বাংলায় কর্মরত। শখ বলতে সময় পেলে সমুদ্রের কাছে যাওয়া।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য