১২ই সেপ্টেম্বর, ২০২৬

info@thefourthaxis.in
header-ad
বিশ্বসুন্দরীর লড়াইয়ে ১৯ বছরের আইনের ছাত্রী

মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬ কাজিয়া লিজ মেজো। ছবি - Google

বিশ্বসুন্দরীর লড়াইয়ে ১৯ বছরের আইনের ছাত্রী

মূল বিষয়

হাতে আইনের মোটা মোটা বই, আর চোখে জুড়ে বিশ্বজয়ের স্বপ্ন। শুনতে সিনেম্যাটিক লাগলেও, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ঠিক এমনটাই করে দেখালেন কেরলমের ১৯ বছরের তরুণী কাজিয়া লিজ মেজো। জয়পুরের এক ঝলমলে সন্ধেয় তাঁর মাথায় উঠল 'মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬'-এর মুকুট। আইনের এই ছাত্রীর কাঁধেই এখন মিস ইউনিভার্স হয়ে দেশের মুখ উজ্জ্বল করার গুরু দায়িত্ব। যা আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হবে।

লড়াই মোটেও সহজ ছিল না

সারা দেশ থেকে প্রায় ৯ হাজার প্রতিযোগী অডিশনে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ৩১ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মাত্র ৫২ জন ফাইনালে সুযোগ পান। জয়পুরে বসেছিল 'মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬'-এর গ্র্যান্ড ফিনালের আসর। প্রত্যেকেই অত্যন্ত যোগ্য প্রতিযোগী ছিলেন। কিন্তু সকলকে পিছনে ফেলে কেরলমের টিনেজার কাজিয়া প্রমাণ করলেন, সৌন্দর্য আর বুদ্ধিমত্তার সঠিক মেলবন্ধন থাকলে কোনও কিছুই অসম্ভব নয়।

পরিচয় পর্ব থেকে শুরু করে গালা, সুইমস্যুট, ইভনিং গাউন এবং সবশেষে চূড়ান্ত প্রশ্নোত্তর পর্ব- প্রতিটি ধাপে বিচারকদের মুগ্ধ করেছেন কাজিয়া। আর যাদের সামনে এই প্রমাণটা তিনি করেছেন সেই তালিকাটা ছিল তাক লাগানোর মতো। বিচারকের আসনে ছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন। এছাড়াও উর্বশী রাউতেলা, সেলিনা জেটলির মতো প্রাক্তন সুন্দরীরা, যাঁরা নিজেরাই একসময় আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। তাঁদের সামনে সেরার শিরোপা ছিনিয়ে নেওয়াটা কাজিয়ার মুকুটে নিঃসন্দেহে এক বড় পালক।
এই হাড্ডাহাড্ডি লড়াইয়ে কাজিয়ার ঠিক পেছনেই ছিলেন তামিলনাড়ুর বৈষ্ণবী গণেশ। তিনি প্রথম রানার-আপ হওয়ার পাশাপাশি 'মিস ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ২০২৬'-এর খেতাব জিতে নিয়েছেন। অন্যদিকে, দ্বিতীয় রানার-আপের হাসি হেসেছেন গুজরাটের অনুশ্রী সাতভলেকর।

আরও পড়ুন
 চিনির দাম বৃদ্ধির নেপথ্যে কি তবে ইথানল নীতি?
৩৪০০ চুমু, ৫৫০০ জরিমানা!
মাত্র ৫০০ টাকায় ভারত ভ্রমণ!

কে এই কাজিয়া লিজ মেজো?

কেরলমের ছোট্ট আর ছিমছাম শহর মাভেলিকারার মেয়ে কাজিয়া। বয়সের সবে ১৯। একদিকে তিনি যেমন আইন নিয়ে পড়াশোনা করছেন, অন্যদিকে ফ্যাশন জগতেও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছেন। তবে এই সাফল্য একদিনে আসেনি। এর আগে 'মিস টিন ইন্টারন্যাশনাল ২০২৫' প্রতিযোগিতাতেও ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন কাজিয়া। সেবার অবশ্য প্রথম রানার-আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। কিন্তু এবার আর লক্ষ্যভ্রষ্ট হননি।

পুয়ের্তো রিকোর বিশ্বমঞ্চ

দেশের মাটিতে সেরার সম্মান তো জুটল। তবে কাজিয়ার আসল লড়াইটা সবে শুরু হল। আগামী নভেম্বরে পুয়ের্তো রিকোতে বসতে চলেছে ৭৫তম 'মিস ইউনিভার্স' প্রতিযোগিতার মেগা আসর। সেখানে বিশ্বের নানা প্রান্তের সুন্দরীদের সঙ্গে বুদ্ধিমত্তা ও রূপের লড়াই হবে তাঁর। সুস্মিতা সেন, লারা দত্ত কিংবা সাম্প্রতিক অতীতে হরনাজ সান্ধুর মতো তিনিও বিশ্ব সুন্দরী হয়ে ভারতের মুখ উজ্জ্বল করতে চাইবেন। এই আইনের ছাত্রীর লড়াইয়ের দিকেই এখন তাকিয়ে দেশের বিনোদন জগৎ।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক
দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক

অভিজ্ঞ, সংবেদনশীল, অনুসন্ধিৎসু এবং সমকালীন ও আগামী সম্পর্কে ওয়াকিবহাল কর্মঠ কিছু তরুণ-তরুণী নিয়ে দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক। ভারতীয় বাঙালি সংস্কৃতির পথ ধরে গ্লোবাল লেন্স দিয়ে দুনিয়াকে দেখে সকলের সামনে পরিবেশন করাই তাঁদের লক্ষ্য। মিলেনিয়াল-জেনX-এর অভিজ্ঞতা ও জেনZ-র উৎসাহর যথাযথ রসায়নে গঠিত 'দ্য ফোর্থ অ্যাক্সিস ডেস্ক'।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য