

প্রশ্নের মুখে ভিনেশ ফোগতের কেরিয়ার
১১ই সেপ্টেম্বর, ২০২৬
দিল্লি হাইকোর্ট কুস্তিগির ভিনেশ ফোগতকে ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে (সিলেকশন ট্রায়াল) অংশগ্রহণের অনুমতি দিতে অস্বীকার করেছে।
আদালত জানিয়েছে, বাছাইয়ের নিয়মাবলী সকল ক্রীড়াবিদের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। ফোগতকে শর্তসাপেক্ষে অংশগ্রহণের অনুমতি দেওয়া হলে তা কার্যত অন্যান্য ক্রীড়াবিদের জন্য যোগ্যতার মানদণ্ডের ক্ষেত্রে তাঁর জন্য একটি বিশেষ ছাড় হতে পারে। সেই নিয়ে পরে বিতর্ক সৃষ্টি হতে পারে।
'বার অ্যান্ড বেঞ্চ'-এর প্রতিবেদন অনুযায়ী, ফোগত ডব্লিউএফআই (WFI)-এর বাছাই প্রক্রিয়াকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তাঁর যুক্তি ছিল, গর্ভাবস্থা, সন্তান প্রসব এবং প্রসব-পরবর্তী সুস্থতার পরে প্রতিযোগিতামূলক কুস্তিতে ফিরে আসার পরেও তাঁকে ২৪ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।
আদালত আরও বলেছে, মাতৃত্বকালীন ছুটির পর মহিলা ক্রীড়াবিদরা যাতে পুনরায় প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশ নিতে পারেন, সেজন্য রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া তাদের নির্দেশিকা বিবেচনা করতে পারে। এছাড়া আদালত দেশের স্বার্থ এবং ক্রীড়াবিদের স্বার্থের মধ্যে ভারসাম্য বজায় রাখার ওপরও জোর দিয়েছে।
বিচারপতি স্মরণ কান্তা শর্মা এই পর্যবেক্ষণগুলো তুলে ধরেন অলিম্পিয়ান ভিনেশ ফোগতের আবেদনের শুনানির সময়ে। ফোগত ১৪ সেপ্টেম্বর সিনিয়র বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে অংশগ্রহণের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আদালত ফোগতের আবেদনের বিষয়ে আদেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
ভিনেশ ফোগতের পাশে দাঁড়ালেন বাংলার দুই নামী প্রাক্তন অলিম্পিয়ান সোমা বিশ্বাস ও দোলা বন্দ্যোপাধ্যায়। এশিয়ান গেমসে পদকজয়ী অ্যাথলিট সোমা বিশ্বাস জানিয়েছেন, ‘‘অবশ্যই বিশ্ব কুস্তিতে ফোগতকে নামতে দেওয়া উচিত ছিল। কেন ফেডারেশন পাশে থাকল না এক্ষেত্রে, সেটাই আমাকে অবাক করছে। তা হলে তো এরপর কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহসই দেখাবে না। ফোগতের দোষ ছিল, সে কুস্তি ফেডারেশনের সভাপতির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছিল, সেটাই কি অপরাধ?’’
সোমার মতো এতটা আক্রমণাত্মক না হলেও তিরন্দাজ দোলা বলেছেন, ‘‘ফোগত তো কোনও অন্যায় দাবি জানাননি? তিনি সন্তান প্রসবের পরে ছুটিতে ছিলেন, তারপরেও কেন তাঁকে ব্যতিক্রমী সুযোগ দেওয়া হবে না, সেটা আমারও প্রশ্ন। ফোগত আমাদের প্রতিবাদের মুখ, তাঁকে কেন এভাবে হেনস্থা করা হচ্ছে, সেটি নিয়ে সকলের প্রতিবাদ দরকার।’’
আদালতে ফোগতের পক্ষে প্রবীণ আইনজীবী রাজশেখর রাও যুক্তি দেন, ডব্লিউএফআই "সম্পূর্ণ খেয়াল খুশিমতো" আচরণ করছে এবং ফোগতকে বাছাইয়ের নিয়মাবলী সম্পর্কে মাত্র ৭ সেপ্টেম্বর জানানো হয়েছিল। তারপর এমন সিদ্ধান্ত কী করে নিতে পারে?
রাও যুক্তি দেখান, গর্ভাবস্থা, সন্তান প্রসব ও প্রসব-পরবর্তী সুস্থতার পর প্রতিযোগিতামূলক কুস্তিতে ফেরার পরেও এই নিয়মাবলীর কারণে ফোগত কার্যত বাছাই প্রক্রিয়া থেকে বাদ পড়ে গেছেন। রাও বলেন – ‘এর অর্থ দাঁড়ায় যে, ফোগত আগামী দুই বছরের জন্য সমস্ত আন্তর্জাতিক ইভেন্ট থেকে সরে গেলেন ও তাঁর কেরিয়ার শেষ করে দেওয়া হল!’
কুস্তি ফেডারেশন কর্তারা দাবি করেন, ফোগতকে অংশগ্রহণে বাধা দেওয়া হয়নি। তাদের আইনজীবী আদালতকে জানান যে, তাঁকে নিষিদ্ধ করা হয়নি এবং বাছাই প্রক্রিয়ার পরবর্তী ধাপগুলোতে যাওয়ার আগে তিনি রাজ্য ও জাতীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তিনি যোগ্য। আগে জাতীয় স্তরে নেমে তারপর আন্তর্জাতিক পর্যায়ে নামতে হবে।
ফেডারেশন আরও জানায় - ২০২৫ ও ২০২৬ সালে নির্দিষ্ট কিছু প্রতিযোগিতায় পদকজয়ীরাই এই বছরের বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য বাছাইয়ের যোগ্য বলে বিবেচিত হবেন। বিভিন্ন পক্ষের বক্তব্য ও প্রস্তাব পর্যালোচনার সময় বিচারপতি শর্মা উল্লেখ করেন, মাতৃত্বকালীন কারণে প্রতিযোগিতা থেকে বিরতি নেওয়া মহিলা ক্রীড়াবিদদের ক্ষেত্রে এই নিয়ম জটিল হয়ে দাঁড়িয়েছে।
আদালত আবার ক্রীড়াবিদদের পক্ষে জানিয়েছে, যে কোনও ফেডারেশনের উচিত মহিলা ক্রীড়াবিদদের স্বার্থ রক্ষা করা। ব্যতিক্রমী ক্ষেত্রে যদি নিয়ম বদলও করতে হয়, সেটি সংবিধান মেনে পালন করা উচিত। তারপরেও ফোগতের বিশ্ব আসরে প্রতিনিধিত্ব করার বিষয়টি নিষ্পত্তি হল না।
Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.
কলকাতার সিনিয়র ক্রীড়া সাংবাদিক। দুটি ফুটবল বিশ্বকাপ এবং দুটি ক্রিকেট বিশ্বকাপ কভার করা এই সাংবাদিকের একাধিক আরও আন্তর্জাতিক ইভেন্ট করার অভিজ্ঞতাও রয়েছে। শুভ্র দুটি বইও লিখেছেন, একটা বিশ্বকাপের গল্প যুদ্ধ এবং শেষটি স্বপ্নের নায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
