৮ই জুন, ২০২৬

info@thefourthaxis.in

The Fourth Axis

header-ad

রঘু রাই: সময়ের জীবন্ত প্রতিচ্ছবি   

রঘু রাই: সময়ের জীবন্ত প্রতিচ্ছবি   

raghu-rai-

রঘু রাই: সময়ের জীবন্ত প্রতিচ্ছবি   

calender icon 2 ৩০শে এপ্রিল, ২০২৬

“একটি ছবি তোলা মানে কেবল দেখা নয় -তা অনুভব করা, অপেক্ষা করা, আর সঠিক মুহূর্তে সময়কে থামিয়ে দেওয়া।” - রঘু রাই।

একটি শিশুর নিথর মুখ, চারপাশে বিষাক্ত নীরবতা, একটি শহর, যার শ্বাসরুদ্ধ হয়ে আসছে - জীবনের এই বহমানতাকে গভীর ভাবে পর্যবেক্ষণ করে চলেছেন একজন মানুষ। যিনি প্রতিটি মুহূর্তকে সংরক্ষণ করছেন পরম মমতায়, নীরবে নির্মাণ করে চলেছেন সময়ের দলিল। আসলে “একটি ক্যামেরা যখন দ্রষ্টা হয়ে ওঠে”- তখন জন্ম হয় আলোছায়ার এক কিংবদন্তী জাদুকরের, যার নাম রঘু রাই। স্বাধীনতোত্তর ভারতবর্ষ-কে অনুভব করতে চাইলে তাঁর প্রতিটি ফ্রেম হয়ে ওঠে একেকটি আস্ত জানালা, যা আমাদের নিয়ে যায় সময়ের অলিগলির অন্দরমহলে।

যেখানে আলো কথা বলতে শেখে

১৯৪২ খ্রিস্টাব্দের ১৮ই ডিসেম্বর, এক অস্থির সময়ে প্রাক বিভক্ত ভূখণ্ড পাঞ্জাব প্রদেশের ‘ঝং’  (অধুনা পাকিস্তানের) নামের একটি গ্রামে রঘু রাই-এর জন্ম। ১৯৬২ সালে ইঞ্জিনিয়ারিংয়ের নিরস সমীকরণ থেকে বেরিয়ে এসে তিনি হাতে তুলে নিলেন ক্যামেরা, খুঁজে নিলেন নিজস্ব আলোর ভাষা। ‘দ্য স্টেটসম্যান’-এ চিত্র সাংবাদিক হিসেবে রঘু প্রথম কাজ শুরু করেন। ১৯৭১ সালে তাঁর জীবনে ঘটে এক বিস্ময়কর উত্থান। প্যারিসে একটি প্রদর্শনীতে কিংবদন্তি আলোকচিত্রী ও শিক্ষক হেনরি কার্তিয়ে-ব্রেসোঁ তাঁর কাজ দেখে মুগ্ধ হন। তাঁর হাত ধরে রঘু রাই পৌঁছে যান ‘ম্যাগনাম ফটোস’-এ, যেখানে শিল্প আর সত্য একই ফ্রেমে বন্দি হয়।

ক্যামেরা যখন সাক্ষী

রঘু রাই-এর ক্যামেরা কখনও নিরপেক্ষ ছিল না, বরং তা সবসময় মানবিক। তাঁর লেন্সে ধরা  পোট্রেটগুলি যেন জ্যান্ত হয়ে ওঠে, সরাসরি কথা বলে। বিসমিল্লা খাঁ, দালাই লামা, ইন্দিরা গান্ধী থেকে মাদার টেরেসা - রঘু রাইয়ের ছবিগুলি যেন একটি গভীর অথচ ভিন্ন দৃষ্টিভঙ্গি। যা লিপিবদ্ধ করে রাখে একটি চরিত্রের অসংখ্য রূপরেখা। ১৯৮৪ সাল, তখন তিনি ‘ইন্ডিয়া টুডে’-এর চিত্র সম্পাদক। সেই বছরই ঘটে যাওয়া ‘ভোপাল গ্যাস দুর্ঘটনা’-এর ভয়াবহতার পর মৃত্যুর শহরে দাঁড়িয়ে রঘু রাই যে ছবিগুলি তুলেছিলেন, তা কেবল সংবাদ নয় - মানবতার বিরুদ্ধে নীরব অভিযোগ, এক গভীর মানবিক দলিল। এই সময়ের একাধিক ফ্রেম প্রমাণ করে - একটি ক্যামেরা কখনও কখনও কলমের চেয়েও শক্তিশালী হয়ে ওঠে।

মানুষ, শহর, আর নীরবতা

রঘু রাই- এর জীবনের উপলব্ধি - “একটি ছবি কখনও মিথ্যা বলতে পারে না”। স্বাভাবিক ভাবেই,   তাঁর ছবিতে শহর শুধু স্থাপত্য নয় - সে যেন শ্বাস নেয়! দিল্লির কোলাহল, বারাণসীর ভোর  কিংবা কলকাতার ভেজা গলি হয়ে ওঠে - এক একটি জীবন্ত চরিত্র। সবখানেই যেন তিনি খুঁজে পান মানুষের নীরব গল্প। সংলাপহীন তাঁর একাধিক ফ্রেম ও কম্পোজিশন  জুড়ে থাকে এক অদ্ভুত মায়াময় শূন্যতা, যেন শব্দহীন কবিতারা।

সময়ের সংরক্ষণ ও স্বীকৃতি

ক্যামেরা-কে হাতিয়ার করে শহর, বন্দর পেরিয়ে ঘুরে বেড়িয়েছেন ভারতের প্রত্যন্ত অঞ্চলে। তাঁর ছবিতে যে ভারত ধরা পড়ে - তা কোনও একক সত্য নয়, বরং বহুস্তরীয় বাস্তবতা। একদিকে উৎসব, অন্যদিকে বেদনা; একদিকে আভিজাত্য, অন্যদিকে সংগ্রাম - জীবনের এক দ্বান্দিক সমাপতন। টাইমস, লাইফ, দ্য নিউ ইয়র্ক টাইমস, দ্য সানডে টাইমস, দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ একাধিক ম্যাগাজিন ও সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তাঁর একাধিক চিত্র-প্রবন্ধ,  রঘু রাই'স দিল্লি, দ্য শিখস, ক্যালকাটা, খাজুরাহো, তাজমহল, টিবেট ইন এক্সাইল, ইন্ডিয়া, মাদার টেরেসা - সহ অসংখ্য গ্রন্থে শব্দ ও ছবির সমন্বয়ে গভীর যত্নের সাথে লিপিবদ্ধ করেছেন স্মৃতি ও সত্ত্বার নীরব ভাষ্য। ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন জায়গায় চিত্র প্রদর্শনীর মধ্যে দিয়ে রঘু রাই - এর মানবিক দর্শন আন্তর্জাতিকতার সীমা অতিক্রম করেছে। ১৯৭৭ সালে ভূষিত হয়েছেন পদ্মশ্রী সম্মানে। জুরি হিসেবে বিশ্বজুড়ে একাধিক আর্ট ফেস্টিভ্যালে প্রতিনিধিত্ব করেছেন। তবে তাঁর আসল স্বীকৃতি লুকিয়ে আছে অসংখ্য মানুষের হৃদয়ে। যেখানে তাঁর ছবি কেবল দৃশ্য নয়, এক অকৃত্রিম বোধের জন্ম দেয়।

যে আলো নিভে যায় না

গত ২৬শে এপ্রিল, ২০২৬ - এর পর ক্যানসারের সাথে তীব্র লড়াইয়ের শেষে তাঁর চোখ ও ক্যামেরার লেন্স এই পৃথিবীর বাস্তবতাকে আর কখনো দেখবে না। কিন্তু জীবন ও মানুষকে অনুভব করার যে আলোমাখা পথ তিনি নির্মাণ করেছেন, যেভাবে সংরক্ষণ করেছেন ইতিহাসের যাবতীয় গলিঘুঁজি - সেটি নিশ্চিত ভাবে আগামীকে বিস্মিত করবে এবং হয়ে উঠবে একটি জরুরী পাঠ। রঘু রাইয়ের ছবিগুলি নীরব সময়গাথা। যা কেবল নান্দনিক কিংবা জ্যামিতিক নয়, তীব্র বাস্তববাদী, অথচ এক নরম নদী। যে নদী সফরে দেশের আত্মার সাথে দেখা মেলে।

Click here to add The Fourth Axis as a trusted and preferred source on Google.

google Source Icon
সৌরীশ পান্ডে ঋষি

সৌরীশ পান্ডে ঋষি

জন্ম মুর্শিদাবাদের আজিমগঞ্জে। সাংবাদিকতা ও চলচ্চিত্র নিয়ে পড়াশোনা। সময় কাটে রাজনৈতিক ও সাংস্কৃতিক চর্চায়। বর্তমানে লেখালিখি, ডিজিটাল কন্টেন্ট এবং চলচ্চিত্র নির্মাণ নিয়ে কর্মব্যস্ত।

আরও পড়ুন

sidebar-ad

অন্যান্য